সুবর্ণভূমি ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে ১২টি আসনে জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয় পেয়েছে চারটি আসনে।
প্রতিনিধি পরিষদে মোট আসন ৪৩৫টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। ২০২৪ সালের নির্বাচনে মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রিপাবলিকান পার্টি। ফলে এবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা দলটির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। কয়েকটি অঙ্গরাজ্যের ফল আসতে শুরু করলেও বেশ কিছু এলাকায় তখনো ভোটগ্রহণ ও গণনা চলছিল।
আল জাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের আরও ৪০টি আসনে এগিয়ে ছিল রিপাবলিকান পার্টি। অন্যদিকে ডেমোক্র্যাটরা এগিয়ে ছিল ৩৫টি আসনে। ভোট গণনা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যায় পরিবর্তন আসতে পারে।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক হিসাবে পাঁচটি আসনে এগিয়ে ছিল ডেমোক্রেটিক পার্টি। রিপাবলিকানরা এগিয়ে ছিল দুটি আসনে। তবে এসব আসনে তখনো কাউকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।
তথ্যসূত্র: সিএনএন, আল জাজিরা