অভয়নগর (যশোর) প্রতিনিধি
নিহত কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন (ফাইল ছবি)—
ছবি:
যশোরের অভয়নগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল আপন উপজেলার বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে। তিনি পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আব্দুল্লাহ আল আপন তার বন্ধু আল-আমিনকে (২৮) নিয়ে ঘুরতে বের হন।
রাত ১০টার দিকে উড়োতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল আপন এবং আরোহী আল-আমিন আহত হন।
গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার (৪ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল আপনের মৃত্যু হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে রাতে দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে আটকের অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’