ঝিনাইদহ প্রতিনিধি
প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সিনিয়র নেতাদের নামে উসকানিমূলক বক্তব্য ও ছাত্রদলসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব তারেক রেজা, দ্যা রেড জুলাই ঝিনাইদহ জেলা কমিটির আহ্বায়ক আবু হাসনাত তানাইমসহ ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেছে ছাত্রদল।
শনিবার (২৩ মে) দুপুরে মামলাটি দায়ের করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির। মামলা নম্বর ৪৩।
এজাহারে বাদী উল্লেখ করেন, ‘শুক্রবার (২২ মে) জুম্মার নামাজের পর পুরাতন ডিসি কোর্ট এলাকায় এনসিপি কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী প্রধানমন্ত্রীর তারেক রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান করছিলেন। তখন আমিসহ অন্যরা সেখানে গিয়ে এ ধরনের বক্তব্য না দিতে অনুরোধ করি। সে সময় এনসিপি নেতা তারেক রেজা আমাকে মেরে সেখান থেকে বের করে দিতে হুকুম দেয়। সে সময় সেখানে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা আমিসহ আমাদের ওপর হামলা করে এবং তাতে অনেকেই আহত হয়। এসব ঘটনার বিচার চেয়ে মামলাটি করা হয়েছে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান মামলা করার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।