কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের একটি জাজিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানায় মজুত থাকা প্রায় ৩০ টন তুলা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কারখানা মালিক। রবিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের দুধসারা হঠাৎপাড়া এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত ওই কারখানায় এ আগুনের সূত্রপাত হয়।
কারখানার মালিক শাকিল আহমেদ জানান, দুপুরে তিনি ৪-৫ জন শ্রমিক নিয়ে কারখানার ভেতরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ মোটরের পাশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।
তিনি আরও জানান, আগুন লাগার পরপরই দ্রুত কোটচাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে কারখানায় মজুদ থাকা প্রায় ৩০ টন তুলা পুড়ে নষ্ট হয়ে যায়। এতে ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে শাকিল আহমেদ বলেন, ‘ব্যাংক ঋণ নিয়ে অনেক কষ্ট করে ব্যবসাটি শুরু করেছিলাম। আজকের এই আগুনে আমার সব পুড়ে ছাই হয়ে গেল। এখন কীভাবে এই দেনা শোধ করব আর কীভাবে ঘুরে দাঁড়াবো, কিছুই বুঝতে পারছি না।’
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (লিডার) কুতুব উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।