এসএম সাইফুল ইসলাম কবির
, বাগেরহাট
খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে প্রায় আড়াই হাজার কোটি টাকার সমন্বিত প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
অনুমোদনের অপেক্ষায় থাকা এ প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিল্পায়ন, বিনিয়োগ ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সওজ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট থেকে আড়ুয়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক উন্নয়ন। এ সড়কের বিদ্যমান প্রস্থ বৃদ্ধি করে সার্ভিস রোড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ফুলতলা-মিকসিমিল-ডুমুরিয়া ৩৩ কিলোমিটার সড়ক, তেরখাদা-মোল্লারহাট সড়ক এবং বটিয়াঘাটা-পাইকগাছা সড়কের উন্নয়নও একই প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কও এ উন্নয়ন পরিকল্পনার আওতায় রয়েছে।
সওজের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক বলেন, শুধু সেতু নির্মাণ করলেই যোগাযোগ ব্যবস্থার পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব নয়; সড়ক অবকাঠামোর উন্নয়নও সমানভাবে জরুরি।
তিনি জানান, ১৬টি সড়কের উন্নয়নের জন্য প্রাক্কলিত ব্যয় নির্ধারণ ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করে ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। মন্ত্রণালয়ের অনুমোদনের পর এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উপস্থাপন করা হবে।
নির্বাহী প্রকৌশলী তানিমুল হক জানান, দিঘলিয়ার আড়ুয়া এলাকা দীর্ঘদিন অবহেলিত থাকলেও শিল্পায়নের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময়। তুলনামূলক কম দামে জমি, পর্যাপ্ত শ্রমশক্তি, কাঁচামালের সহজলভ্যতা এবং মোংলা বন্দরের নিকটবর্তী অবস্থান এ এলাকাকে শিল্প বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলেছে। নৌপথে দ্রুত পণ্য পরিবহনের সুবিধাও রয়েছে।
আতাই নদীর ওপর আড়ুয়া সেতু নির্মাণকে গুরুত্বপূর্ণ উল্লেখ করেন তিনি বলেন, সেতুটির সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে ভূমি অধিগ্রহণ ও সেতু নির্মাণ সম্পন্ন হলে যশোরের নওয়াপাড়া শিল্পাঞ্চলের সম্প্রসারণ এ অঞ্চলে ঘটানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।