সুবর্ণভূমি ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির মধ্যেই একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করতে যাচ্ছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। আজ শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এক ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে ঐতিহাসিক এই চুক্তিটি সই হওয়ার কথা রয়েছে।
বর্তমানে সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। অন্যদিকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে শুক্রবার সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হলো আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়াল এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় সমন্বিত কৌশল জোরদার করা। একই সঙ্গে অঞ্চলের চলমান উত্তেজনা কমানো ও বিদ্যমান বিরোধের শান্তিপূর্ণ সমাধানে ইসলামাবাদ তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি দ্বিপক্ষীয় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হয়। ওই চুক্তির ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে পাকিস্তান সৌদি আরবে তাদের যুদ্ধবিমান ও সামরিক সদস্য মোতায়েন করে। দীর্ঘকাল ধরে পাকিস্তানকে সৌদি আরব আর্থিক সহায়তা দিয়ে আসছে, যার বিনিময়ে পাকিস্তানও সৌদি আরবকে শক্তিশালী সামরিক সহায়তা প্রদান করে আসছে।
সূত্র: জিও নিউজ