স্টাফ রিপোর্টার
, যশোর
সৌদি আরবের সঙ্গে যৌথ সামরিক জোট থেকে বাংলাদেশকে প্রত্যাহার, আমেরিকার সঙ্গে সম্পাদিত অসম্পূর্ণ বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলসহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
শনিবার (৮ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এনডিএফ যশোর জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি শক্তির সঙ্গে যেকোনো অসম সামরিক ও অর্থনৈতিক চুক্তি বাতিল করতে হবে। দেশের স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিল করে জাতীয় সম্পদ ও অর্থনীতির ওপর জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

তারা আরও বলেন, শ্রমিক-কৃষক-জনগণের স্বার্থে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামিমুল হক। এ সময় উপস্থিত ছিলেন এনডিএফ যশোর জেলা কমিটির সভাপতি আসুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক কামরুল হক লিকু, কৃষ্ণলাল সরকারসহ সংগঠনের নেতা-কর্মীরা।
মানববন্ধনে বক্তারা দেশের স্বার্থে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরবের সঙ্গে সব ধরনের অসম চুক্তি ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।