বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু হানিফা (৬০) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের নুরুল ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা-শরণখোলা রুটে চলাচলকারী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকালে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি সামনে থাকা একটি অটোবাইক, একটি ইজিবাইকসহ কয়েকটি যানবাহনে পরপর ধাক্কা দেয়। বাসের ধাক্কায় অটোবাইক চালক আবু হানিফাসহ কয়েকজন আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক অটোবাইক চালক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন হানিফ (৪৫), হাফিজ (৪০), খুন্তাকাটা গ্রামের সুরমা (৩৫) ও তানভীর (১৩)।
আহতদের মধ্যে হানিফ ও সুরমার অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।