রাসেল মাহমুদ
, যশোর
ভাঙাচোরা সড়কের দুর্ভোগ থেকে মুক্তি পেতে অভিনব প্রচারণার মাধ্যমে নীরব প্রতিবাদ জানিয়েছেন যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা-শ্রীপদ্দী গ্রামের বাসিন্দারা।
এই সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে বিভিন্ন স্থানে ব্যানার টাঙিয়েছেন তারা। ব্যানারে সড়কটিকে দিয়েই ‘কথা বলানো’ হয়েছে।
রূপদিয়া বাজারের পশ্চিমে রূপদিয়া কলেজ সড়কের প্রবেশমুখসহ বিভিন্ন স্থানে টাঙানো ব্যানারে লেখা হয়েছে, ‘হ্যালো, আমি ঘোড়াগাছার এই ভাঙাচোরা রাস্তা বলছি! আমি এই এলাকাবাসীর উপকারে আসি, আমি তো কারও ক্ষতি করি না। গর্ভবতী মা, অসুস্থ ও অসহায় মানুষের চলাচলের একমাত্র মাধ্যম আমি। কিন্তু আমাকে কেউই দেখে না। ইউনিয়ন প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, আমার কি কাজে লাগে?’
ব্যতিক্রমী ব্যানার টাঙিয়ে স্থানীয় বাসিন্দারা সড়কটির বেহালদশা তুলে ধরার পাশাপাশি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, রূপদিয়া বাজারের পশ্চিমে নরেন্দ্রপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে ঘোড়াগাছা-শ্রীপদ্দী গ্রামের অবস্থান। আশপাশের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বড় বড় গর্ত। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, রোগী, নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। বিশেষ করে গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার সময় সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ স্থানীয়দের।
ঘোড়াগাছা-শ্রীপদ্দী ও আশপাশের এলাকায় ব্যাপক কৃষিপণ্য উৎপাদন হয়। বিভিন্ন ধরনের শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাইরের জেলা ও শহরেও পাঠানো হয়। তবে সড়কের বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহনেও কৃষকদের নানা সমস্যায় পড়তে হয়। রাস্তার অবস্থা ভালো না হওয়ায় পরিবহন খরচ বেড়ে যায় এবং সময়মতো পণ্য বাজারজাত করাও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, ‘রাস্তাটি সংস্কারের জন্য ইতিপূর্বে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি এবং অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু এখনো কাঙ্ক্ষিত ফল পাইনি। অথচ, রাস্তাটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, এই সড়কের পাশেই ঘোড়াগাছায় রূপদিয়া কলেজ। আশপাশের কয়েকটি ইউনিয়নের মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী এই সড়ক দিয়ে কলেজে যাতায়াত করে। ফলে সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা জানান, শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয়, শিক্ষা, কৃষি, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির অবস্থা নাজুক হলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ কারণে এবার ব্যতিক্রমীভাবে ব্যানার টাঙিয়ে প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা।