কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ আজাদ রহমান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় কোটচাঁদপুর মডেল থানায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নতুন ওসি সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং কোটচাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন।
এসময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ ও অপরাধসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
নতুন ওসি আজাদ রহমান বলেন, কোটচাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে ‘ফাটাকেষ্টোর’ মতো। সেজন্য অপরাধ দমনে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে একটি জনবান্ধব ও সেবামূলক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।