স্টাফ রিপোর্টার
, যশোর
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যশোরে ‘দৈনিক রানার’ পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৩০ আগস্ট) সকালে শোকর্যালি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকালে প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোরসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের উদ্যোগে শোকর্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় সাংবাদিকরা প্রয়াত সাংবাদিক সাইফুল আলম মুকুলের স্মরণে কালো ব্যাজ ধারণ করেন।
শোকর্যালি শেষে সাংবাদিক নেতৃবৃন্দসহ উপস্থিত সাংবাদিকরা নিহত সাংবাদিক সাইফুল আলম মুকুলের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুপুরে যশোর প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের ২৮ বছর পেরিয়ে গেলেও এখনো এর বিচার সম্পন্ন হয়নি। দীর্ঘ সময়েও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার না হওয়ায় তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট যশোর শহরের বেজপাড়া এলাকায় দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল।
