স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের শংকরপুরের আলোচিত মাদক কারবারি মশিউরের বাড়িতে ফের অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় কাশির সিরাপ উদ্ধার করেছে র্যাব-৬ যশোর।
শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে বাড়ির মাটির নিচে পুঁতে রাখা একটি কলস থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়। পরে মশিউরকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর ছোটনের মোড় এলাকার মশিউরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাটির নিচে পুঁতে রাখা একটি কলসের ভেতর থেকে ১৮৫ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের কাশির সিরাপ উদ্ধার করা হয়। বাংলাদেশে এসব সিরাপ মাদক হিসেবে বিক্রি করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, এর আগে গত জুন মাসে মশিউরের বাড়িতে অভিযান চালিয়ে ১৩১ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তবে, কয়েক দিনের ব্যবধানে জামিনে বের হয়ে ফের মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে র্যাবের দাবি।
স্থানীয়দের অভিযোগ, শংকরপুর এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে মশিউরের সম্পৃক্ততা রয়েছে। তার বড় ভাই প্রয়াত নুরুন্নবী সাবেক পৌর কমিশনার। অপর দুই ভাই হাসান ও মিজান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অপরাধজগতের আলোচিত ব্যক্তি ছিলেন। তাদের প্রভাবকে কাজে লাগিয়ে মশিউর এলাকায় মাদকের কারবার গড়ে তুলেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় মশিউরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে গত ১৬ জুন ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে একইভাবে মাটির নিচে পুঁতে রাখা শতাধিক বোতল কোরেক্স উদ্ধার করেছিল র্যাব।