মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের জমি ও জমিতে চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকাল ৮টার দিকে মিনাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মিনাপাড়া গ্রামের ইকরামুল হক, তার ছেলে ইমরান আলী এবং নাতি সাইফুল ইসলাম।
এ ঘটনায় বিচার দাবি করে শুক্রবার বিকেলে মিনাপাড়া গ্রামে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ, মিনাপাড়া গ্রামের ইকরামুল হকের সঙ্গে তার চাচাতো ভাই ইউনুস আলীর দীর্ঘদিন ধরে জমি ও জমিতে চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সম্প্রতি ইকরামুল হকের নাতি সাইফুল ইসলামকে মারধর করা হয়। ওই ঘটনার প্রতিবাদ করায় শুক্রবার সকালে ফের বিরোধে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
অভিযোগ করা হয়, সকাল ৮টার দিকে ইউনুস আলী, সুলতান হোসেন, মিঠুন হোসেন ও জুয়েল রড ও ধারালো অস্ত্র নিয়ে ইকরামুল হক ও তার ছেলে ইমরান আলীর ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ইকরামুল হক ও ইমরান আলী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউনুস আলী ও তার পরিবারের সদস্যদের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ইকরামুল হক।