মেহেরপুর প্রতিনিধি
সুবর্ণভূমি-
ছবি:
মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নাবিল হোসেন (১১) নামে তৃতীয় শ্রেণির এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
নিহত নাবিল উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে মাদরাসা থেকে খাবার খেতে বাড়িতে আসে নাবিল। খাওয়ার পর বাইসাইকেলে চেপে আবার মাদরাসার উদ্দেশে রওনা দেয় সে। মুজিবনগর-মেহেরপুর সড়কের আহমদ হুজুরের বাড়ির কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে নাবিল সড়কে ছিটকে পড়ে। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। মোটরসাইকেল ও ট্রাকের পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।