পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
সভায় মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুসসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যসহকারীরা উপস্থিত ছিলেন।

সভায় মাঠ পর্যায়ে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি, কর্মপরিকল্পনা, পারস্পরিক সমন্বয় এবং জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও গতিশীল করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ডা. আহসানারা বিনতে আহমেদ মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, নিয়মিত সমন্বয় এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।