স্টাফ রিপোর্টার
, যশোর
বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্র প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা, লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত সার্কিট হাউজপাড়ার শাকিলকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার তাকে আটক করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে তাকে পাঠানোর আদেশ দেন।
বেনজীন খানের অভিযোগ, প্রায় এক বছর আগে সার্কিট হাউজপাড়ায় অবস্থিত প্রাচ্যসংঘসংলগ্ন চারতলা ভবনের প্রায় ৭২ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তামার তার কেটে নিয়ে যাওয়া হয়। যার নেপথ্যে ছিল এই শাকিল। এছাড়া গত ১৪ সেপ্টেম্বর তার বাড়ির পাশের সরকারি শিক্ষা অধিদপ্তরের ভবন থেকে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে শাকিলকে নৈশপ্রহরীসহ স্থানীয় কয়েকজন আটক করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
তার দাবি, ওই ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে একইদিন গভীর রাতে প্রাচ্যসংঘের প্রায় ৫৫ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় এই শাকিল।
তার অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শাকিল একটি লোহার রড নিয়ে তার বাড়ির সামনে ঘোরাফেরা করছিল। এ সময় প্রাচ্যসংঘে উপস্থিত লোকজন তাকে আটক করে আগের চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সে কৌশলে প্রাচীর টপকে পালিয়ে যায়।
এরপর রাতের অন্ধকারে প্রাচ্যসংঘের ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ভবনের জানালার বেশ কয়েকটি কাচ ভেঙে যায়। তাতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় তার ছোড়া ইটের আঘাতে বেনজিন খান আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
পরে বেনজীন খান যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই ফজলু জানান, শাকিল এলাকার চিহ্নিত চোর। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর কোর্টের জিআরও হেলাল আহম্মেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আটক শাকিলকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন রোববার (২০ সেপ্টেম্বর) রায়ের দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি আরও জানান, ওই দিনই তাকে সাজা প্রদান করা হতে পারে।