লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর দুপুর সোয়া ১২টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১২টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদারের নেতৃত্বে একটি অভিযানিক দল যশোরগামী নড়াইল এক্সপ্রেস (ঢাকামেট্রো-ব-১১-৯৬৫৮) বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের দরজা সংলগ্ন বাম পাশের প্রথম সিটে বসা যাত্রী ইয়াকুব সরদার (৪০) এর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ইয়াকুব সরদার (৪১) নড়াইল সদর থানার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের গণি সরদারের ছেলে। এ সময় তার সহযোগী কাঞ্চনপুর গ্রামের আফসু মোল্যার ছেলে সুজন মোল্যাকেও (৩৩) আটক করা হয়।
গোলক মজুমদার জানান, একটি কার্টনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি নীল রঙের জিপার পলিতে ২০০ পিস করে মোট ৮ হাজার পিস ইয়াবা রাখা ছিল। এছাড়া একটি মোবাইলফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।
আটককৃতরা পেশায় বাস শ্রমিক। তারা দীর্ঘদিন ধরে বাসে যাত্রী সেজে কৌশলে মাদক পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃতদের নড়াইল সদর থানায় সোপর্দ মামলা করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।