মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার বাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমলসার গ্রামের একটি দোকানঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আমলসার এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন জায়গায় জুয়ার আসর পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এক জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়।
তবে এ সময় কথিত মূলহোতা মোকাদ্দেস ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন—আমলসার গ্রামের ইউনুস শেখ (৪২), জসিম শেখ (২৮), সুখ চাঁদ শেখ (৩০), সাইদ মোল্লা (৪০), ইসরাত শেখ (৩২), দেলোয়ার হোসেন (৫০), বাবলু শেখ (৪৩), বাহারুল ইসলাম (৪৮), কোদলা গ্রামের শাহজাহান মোল্লা (৫০), বিলনাজুর গ্রামের আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের ইউনুস শেখ (৪৫)।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, আমলসার এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে বিভিন্ন নির্জন স্থানে জুয়ার আসর পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।