স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ‘টনি খান হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউটের’ টাকা, প্রতিষ্ঠানের সম্পদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র আত্মসাতের অভিযোগে দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর শহরের নিউ বেজপাড়ার আলাউদ্দিন হোসেনের মেয়ে উদ্যোক্তা লাকি নুরজাহান বাদী হয়ে এ মামলা করেছেন।
যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদেীর আইনজীবী তাহমীদ আকাশ।
আসামিরা হলেন ধর্মতলা কারবালা রোড এলাকার বাসিন্দা প্রিজমের কর্মকর্তা মুসলিমা খাতুন বিউটি ও তার স্বামী বশির আহমেদ চন্দন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৩ মার্চ লাকি নুরজাহানসহ আটজন মিলে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠার সময় আসামিদের কথায় বাদী ও অপর তিন অংশীদার মিলে মোট ২৪ লাখ টাকা জমা দেন। এর মধ্যে লাকি নুরজাহান দিয়েছিলেন ৫ লাখ টাকা।
পরে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের নিবন্ধনসহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ পায়। একপর্যায়ে আসামিরা অন্য অংশীদের না জানিয়ে অর্থ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘প্রিজম হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট’ নামে কার্যক্রম শুরু করেন। পাওনা টাকা ও মুনাফার অংশ ফেরত চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানান।
গত ১ সেপ্টেম্বর ধর্মতলা মোড়ে টাকা ও প্রতিষ্ঠানের সম্পদ ফেরত চাইলে আসামিরা লাকি নুরজাহানকে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেন।
বিষয়টি মীমাংসা ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন ।