কুষ্টিয়া প্রতিনিধি
সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হালিম মণ্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে আলামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হালিম মণ্ডল খয়েরপুর গ্রামের মৃত কলম মণ্ডলের ছেলে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। ওই সময় মান্নান গ্রুপের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে তাঁর দিকে দেশীয় অস্ত্র 'ফালা' ছুড়ে মারা হয়। ফালাটি সরাসরি তাঁর গলার ভেতর ঢুকে গেলে ঘটনাস্থলেই মারা যান হালিম। পরে তাঁর পরিবারের লোকজন লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
স্থানীয় একটি সূত্র জানায়, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল এবং ইউসুফ মেম্বার ও মেহেদী সমর্থকদের মধ্যে বেশ কয়েক দিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছিল। শনিবার ভোরবেলায় চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য জড়ো হয়। সেই সময় ঘটনাস্থলের দিকে যাওয়ার জন্য হালিম বাড়ি থেকে বের হলে পথে মান্নান মেম্বার সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে তাঁর দিকে ফালা ছুড়ে মারা হয়। ফালাটি সরাসরি গলায় বিদ্ধ হলে হালিম ঘটনাস্থলেই নিহত হন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশসুপার ফয়সাল মাহামুদ জানান, আলামপুর এলাকায় সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।