মাগুরা প্রতিনিধি
বিশিষ্ট চিত্রশিল্পী ও ছড়াকার প্রয়াত আশীষ রায় স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে সপ্তক সাহিত্য চক্র ও অনির্বাণ সেবা সংসদের যৌথ উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
সপ্তক সাহিত্য চক্রের সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার পার্থপ্রতিম দাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক সিকদার ওয়ালিউজ্জামান, অনির্বাণ সেবা সংসদের সহসভাপতি তরুণ বৈদ্য, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, কবি এমএ হাকিম, কবি অনিল দে মনি, অ্যাড. মখলেছুর রহমান, সপ্তক সাহিত্য চক্রের যুগ্ম সম্পাদক কবি কমল হাসান, আশীষ রায়ের বন্ধু মিজানুর রহমান টিটো, ‘পরিবর্তনে আমরাই’ সংগঠনের পরিচালক নাহিদুর রহমান দুর্জয়সহ কবি, সাহিত্যিক ও সুধীজন।
বক্তারা আশীষ রায়ের কর্মময় জীবন ও মাগুরার সাংস্কৃতিক অঙ্গনে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, আশীষ রায় শুধু একজন চিত্রশিল্পী বা ছড়াকার ছিলেন না, তিনি ছিলেন মাগুরার সাধারণ মানুষের আপনজন। শিল্প-সাহিত্যের বিকাশে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
বক্তারা প্রয়াত আশীষ রায়ের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
স্মরণসভা উপলক্ষে সপ্তক সাহিত্য চক্রের উদ্যোগে আশীষ রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘স্মৃতির ক্যানভাস’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে তাকে স্মরণ করে কবিতা আবৃত্তিও করা হয়।
অনুষ্ঠানে আশীষ রায়ের পরিবারের সদস্য, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সপ্তক সাহিত্য চক্রের সাংগঠনিক সম্পাদক সুদেব চক্রবর্তী।