স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বসুন্দিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বসুন্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোর শহরের তেঁতুলিয়া গ্রামের আজিজ বিশ্বাসের ছেলে আবুল কাশেম (৫২), শংকরপুর জমাদারপাড়ার মৃত আকবার মোল্লার ছেলে শাহাবুদ্দিন মোল্লা, ফুলবাড়ি পশ্চিমপাড়ার মৃত কাশেম আলী মৃধার ছেলে তোতা মৃধা, ঘুনি দোলনঘাটা গ্রামের কাদের মোল্লার ছেলে মাহিম হাসান গাউস এবং রূপদিয়া বাজারের রমজান আলীর ছেলে আসলাম হোসেন।
কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, ৬ জুন রাত আনুমানিক দেড়টার দিকে তারা খবর পান যে, জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনায় জড়ো হয়েছেন। পরে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে দেখা যায়, আসামিরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পাশের সাত নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালাচ্ছেন। এ সময় তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় গত ২৪ জুন কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে ২৬ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।