খুলনা অফিস
খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. জহিরুল হককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার দুপুর ১টায় এ কর্মবিরতি শুরু করেন তারা। রাতে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে যোগ দেন।
আন্দোলনকারীদের অভিযোগ, ডা. জহিরুল হক আওয়ামী লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সঙ্গে সংশ্লিষ্ট এবং জুলাইয়ের আন্দোলনের বিরোধিতাকারী ছিলেন।
এদিকে, ধর্মঘটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হয়। রোগীর স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের সার্ভিস এবং ওষুধ ও চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন।
এর আগে ২৪ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে ডা. জহিরুল হককে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ বি এম সাইফুল আলম ৩০ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। তার শেষ কর্মদিবসে ডা. জহিরুল হক দায়িত্বভার গ্রহণ করে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।
এর প্রতিবাদে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের কনভেনিং কমিটি কর্মবিরতির ঘোষণা দেয়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ডা. জহিরুল হকের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তাদের আপত্তি রয়েছে। তিনি আওয়ামী লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সঙ্গে সংশ্লিষ্ট এবং জুলাইয়ের আন্দোলনের বিরোধিতাকারী। তবে এসব অভিযোগের বিষয়ে ডা. জহিরুল হকের বক্তব্য পাওয়া যায়নি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মো. কামরান বলেন, তারা কোনো শিক্ষককে হেয় করতে চান না। শিক্ষক হিসেবে অ্যাকাডেমিক কার্যক্রমে থাকার বিষয়ে তাদের আপত্তি নেই। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকা কাউকে মেডিসিন বিভাগের প্রধান হিসেবে তারা মেনে নেবেন না।
তিনি আরও বলেন, খুলনায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হোক, সেটি তারা তা চান না। দ্রুত বিষয়টির নিষ্পত্তি করে ডা. জহিরুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তারা।
বিষয়টি জানতে পেরে হুইপ রকিবুল ইসলাম বকুল ফোনে খুলনার আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তার আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা শনিবার রাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।