প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ ডি ক্রুইফ
স্টাফ রিপোর্টার
, যশোর
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোচ ডি ক্রুইফ
ছবি:
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে যশোর সদর উপজেলার হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প চলছে।
দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান কোচ লডউইক ডি ক্রুইফ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ডি ক্রুইফ বলেন, খেলোয়াড়দের উন্নয়নের জন্য মানসম্মত প্রশিক্ষণের পাশাপাশি ভালো থাকা-খাওয়া ও পুষ্টি নিশ্চিত করা জরুরি।
শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমির অবকাঠামো ও অনুশীলনের পরিবেশেরও প্রশংসা করেন তিনি।
তবে আবহাওয়ার কারণে মাঠে অনুশীলনে কিছুটা ব্যাঘাত ঘটলেও দলের সার্বিক প্রস্তুতি ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বলে জানান কোচ।
বয়সভিত্তিক ফুটবলে শুধু জয়-পরাজয় নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা ও সামগ্রিক মানোন্নয়নও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ডি ক্রুইফ।
তবে উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি আসন্ন বাছাইপর্বে ভালো ফল করে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়াই দলের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক উন্নতিতেও সন্তোষ প্রকাশ করেন এই কোচ। তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ, ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে তরুণ ফুটবলারদের আরও এগিয়ে নেওয়া সম্ভব।
ডি ক্রুইফ বলেন, ‘গত দশ বছরে বাংলাদেশ ফুটবলের যে উন্নতি হয়েছে, তা দেখে আমি খুবই আনন্দিত। মামুনুল, জাহিদ, জামাল, তপু কিংবা সোহেল রানার মতো খেলোয়াড়দের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। বাফুফেতে যে পরিবর্তনগুলো এসেছে, আমি মনে করি তা ফুটবলের সার্বিক উন্নতির জন্যই কল্যাণকর। বাংলাদেশের ফুটবলের সামগ্রিক পরিবেশ ক্রমশ আরও ভালো হচ্ছে।’
বাংলাদেশ ছেড়ে যাওয়া প্রসঙ্গে ডি ক্রুইফ বলেন, ব্যক্তিগত কারণ এবং বাবার মৃত্যুর পর পারিবারিক ব্যবসা দেখাশোনার জন্য তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল।
পরবর্তী সময়ে নাইজেরিয়ায় দুই বছর স্কাউটিং, অ্যাকাডেমি পরিচালনা এবং অ্যাকাডেমির খেলোয়াড়দের উন্নয়নে কাজ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ওই কার্যক্রমের মাধ্যমে খেলোয়াড়দের ইউরোপের ভালো লিগে খেলার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমির পরিচালক (প্রশাসন) শেখ শামস উল বারী শিমুল এবং অ্যাকাডেমির যুগ্ম-পরিচালক ও জাতীয় দলের সাবেক গোলকিপার মাসুদুর রহমান টনি।