সুবর্ণভূমি ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার দিল্লিতে স্থানীয় সময় বেলা একটা নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
দিল্লির কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপাক্ষিক নানা ইস্যুতে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা পৌঁছে দিতেই তার এই দিল্লি সফর।
এর আগে সোমবার রাতের বিমানে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান।
তবে তার এই সফর নিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে এবং তার নিয়োগ চূড়ান্ত করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়। ফলে দিল্লিতে গেলে তিনি সচরাচর প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই সরাসরি দেখা করেন, পেশাদার কূটনীতিকদের (কেরিয়ার ডিপ্লোম্যাট) মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারেও সেইরীতির ব্যতিক্রম ঘটেনি।
এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হলেও নানা প্রেক্ষাপটে সফরটি চূড়ান্ত হতে বিলম্ব হচ্ছে।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধসহ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক ইস্যু এবং আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তির নবায়ন প্রসঙ্গও আলোচনার টেবিলে রয়েছে।