মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের চাপায় রিওন হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু নাফিজ আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিওন হোসেন মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন কেনার জন্য বন্ধু নাফিজকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে যান রিওন। কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিওনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত নাফিজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।