মাগুরা প্রতিনিধি
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো মাগুরাতেও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমির যৌথ আয়োজনে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুনুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইকবাল তালুকদার ও মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ এবং শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয়।