সুবর্ণভূমি ডেস্ক
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতে ১ হাজার ৭০২ জন প্রার্থীর নাম উল্লেখ করে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রকাশিত প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে শুরু হয়েছিল ৪৫তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া। এ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন, যাদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
এরপর ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। তাদের মৌখিক পরীক্ষা নেওয়ার পর ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
তখন বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত গেজেটে তথ্য যাচাই-বাছাই শেষে ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দেওয়া হলো।