স্টাফ রিপোর্টার
, যশোর
আধুনিক শিক্ষার সঙ্গে পবিত্র কুরআনের হিফয কার্যক্রমের সমন্বয় ঘটিয়ে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে যশোরের তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটিতে হিফয সবক সমাপন ও সবক প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন যশোর শাখার উদ্যোগে মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষে যশোর শাখা থেকে মোট ৩০ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফয সম্পন্ন করেছেন।
আগামী ২৬ অক্টোবর ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে সম্মানিত করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয মাওলানা হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক ও খুলনা জোনাল ইনচার্জ হাফেয মাওলানা আ খ ম মাসুম বিল্লাহ। প্রধান আলোচক ছিলেন যশোর আমিনিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এম এম রবিউল ইসলাম।
বক্তারা বলেন, একজন হাফেজকে সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা জরুরি। কুরআনের শিক্ষা যেন শিক্ষার্থীদের আচরণ ও জীবনাচরণে প্রতিফলিত হয়, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার এই সমন্বয় শিক্ষার্থীদের জ্ঞান, মনন ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন।