ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পৌনে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা এবং শালিসের নামে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এই মামলাটি করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসিন্দা শুকুর আলী মন্ডল (৬৮), তার দুই ছেলে রেজাউল মন্ডল (৪২) ও তিজারত মন্ডল (৩৯) এবং আব্দুর রহমান (৬৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সকালে ভুক্তভোগী শিশুটি শুকুর আলী মন্ডলের নির্জন বাড়িতে গেলে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুর কান্নায় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা শুকুর আলীকে আটকে রাখার চেষ্টা করলে তার ছেলেরা তাকে পালিয়ে যেতে সাহায্য করেন।
পরবর্তীতে শুকুর আলীর ভাই আব্দুর রহমান ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগীর পরিবারকে অর্থের প্রলোভন দেখান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন জানান, মামলার পর মূল অভিযুক্ত শুকুর আলী এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ কোর্ট পুলিশের এএসআই চিরঞ্জিব জানান, গ্রেপ্তার চারজনকেই আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।