স্টাফ রিপোর্টার
, যশোর
আইনি পদ্ধতিতে সংবিধান সংস্কার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সাত দফা দাবি আদায়ে ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। কর্মসূচিকে সামনে রেখে উপজেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে যশোর জেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা আমির ও সেক্রেটারিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুল বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবরের লংমার্চ সর্বাত্মকভাবে সফল করতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ের প্রতিটি দায়িত্বশীল নেতাকর্মীকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, গণভোটের রায়ের আলোকে আইনি পদ্ধতিতে সংবিধান সংস্কার, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা এবং বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের তীব্র সংকট দূর করা জামায়াতের অন্যতম প্রধান দাবি। এ ছাড়া প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে রাজনৈতিক দলীয়করণ বন্ধ, সব ধরনের দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি চিরতরে নির্মূল এবং জুলাই গণ-অভ্যুত্থানের গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করার দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হবে। সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় এই দাবিগুলো বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন উপজেলা জামায়াতের নেতারা।