সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিতর্কিত ডিলারশিপ নিয়োগ বাতিল করে যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের নিয়োগ দেওয়ার দাবিতে বুধবার (১৪ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জনবিচ্ছিন্ন কয়েকজনের তৈরি তালিকার ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় ডিলার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিবারের প্রভাব খাটিয়ে ওই পরিবারের নিকটাত্মীয়, স্ত্রী-সন্তান ও শ্যালক-শ্যালিকার নামে একাধিক ডিলারশিপ দেওয়ার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও করেন তারা।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, যারা কখনো সারের ব্যবসা কিংবা কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদেরও ডিলারশিপ দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত বছরগুলোতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে স্বজনপ্রীতির মাধ্যমে ডিলার নিয়োগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তাদের দাবি, এ নিয়োগ প্রক্রিয়ার কারণে মাঠপর্যায়ের সাধারণ কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং সারের কৃত্রিম সংকট তৈরি হতে পারে।
বক্তারা অবিলম্বে বৈষম্যমূলক ও বিতর্কিত তালিকা বাতিল করে যোগ্য এবং প্রকৃত ব্যবসায়ীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।
সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাতক্ষীরা পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টু, সদস্যসচিব শরিফুজ্জামান সজীব এবং যুগ্ম সম্পাদক খোকা।