স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে উম্মুল কুরা মডেল অ্যাকাডেমির উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উদ্যাপন, আলোচনা সভা, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) শহরের পিটিআই মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সৃজনশীল প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
উম্মুল কুরা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমীন।
অ্যাকাডেমির নির্বাহী পরিচালক ইমরান হোসাইনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি এম এম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল হাসান সুজন, নড়াইলের জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন, চুয়াডাঙ্গার জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, যশোর মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মঈনুদ্দীন এবং মতিউর রহমান ফাজিল মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।
এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সামছুজ্জামান, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আয়োজকেরা জানান, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের লক্ষ্য।