খুলনা অফিস
খুলনায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও বিভিন্ন অনিয়মের দায়ে দুটি ক্লিনিকসহ পাঁচটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এর মধ্যে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও একই অপরাধ বারবার করার দায়ে স্কলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণের দায়ে লাজ ক্লিনিক অ্যান্ড হেলথ কেয়ারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের তিনটি দল একযোগে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চাল, ভোজ্যতেল, এলপিজি গ্যাস, ওষুধ, সবজি, ডিম ও মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর যাচাই করা হয়।
পাশাপাশি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যসেবার মান ও অনিয়মের বিষয়েও তদারকি করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর ও সোনাডাঙ্গা থানার নিরালা মোড় এবং খানজাহান আলী রোড এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় চিকিৎসাসেবায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।
একই অপরাধ বারবার করায় স্কলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ল্যাব ও পরীক্ষার কাজে ব্যবহারের জন্য মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণের দায়ে লাজ ক্লিনিক অ্যান্ড হেলথ কেয়ারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানার আমতলা এবং খানজাহান আলী রোড এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় মদিনা এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় আনিছা এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে মিরপুর উপজেলার হারু মোড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যথাযথ পণ্য সরবরাহ না করার দায়ে মাহফুজা ফার্মেসিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, জনস্বার্থে ভোক্তা-অধিকার রক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতের অনিয়ম প্রতিরোধে বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।