সুবর্ণভূমি ডেস্ক
নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি দাবি করেছেন, আগের সংঘাতের চেয়ে ইরান এখন অনেক বেশি শক্তিশালী। একই সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি বলেন, নিজের কারাবাস এড়াতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আরেকটি বড় যুদ্ধে জড়ানোর অপচেষ্টা করছেন।
গত রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, ‘গতবার আপনারা ‘কাজ শেষ করতে’ চেয়েছিলেন, কিন্তু ইরান আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছে। আবারও ভাগ্য পরীক্ষা করতে চান? স্বাগত। তবে সতর্ক থাকুন; আমাদেরও কিছু অসমাপ্ত কাজ রয়েছে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, নেতানিয়াহু মূলত ওয়াশিংটনকে নতুন একটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তবে এর চূড়ান্ত পরিণতি ইসরাইলকে ভোগ করতে হবে এবং এর বড় প্রভাব পড়বে খোদ মার্কিন প্রেসিডেন্টের ওপর।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছেন। ট্রাম্পের সেই অবস্থানের প্রেক্ষাপটেই ইরানের পক্ষ থেকে এই কড়া হুঁশিয়ারি এলো।