চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা শহরতলীর নূরনগর মুন্নামোড়ে গরুবাহী পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে হেলাল উদ্দিন (৩৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় ট্রলির চালকসহ আরও দুজন আহত হয়েছেন। এছাড়া ট্রলিতে থাকা দুটি গরুও মারা গেছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নূরনগর মুন্নামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নেহাল মিয়ার ছেলে। আহতরা হলেন—পাওয়ার ট্রলিচালক তারাচাঁদ ও সহযোগী শিপন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী হেলাল উদ্দিন। ভোরে নূরনগর মুন্নামোড়ে পৌঁছালে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই মারা যান হেলাল উদ্দিন।
আহত পাওয়ার ট্রলিচালক তারাচাঁদ বলেন, ‘রোববার বিকেলে আমরা তিনজন ১১টি গরু নিয়ে মঠবাড়িয়া থেকে রওনা হয়েছিলাম। ভোরে গাড়ি চালানোর সময় হঠাৎ চোখে ঘুম চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।’
চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।