খুলনা অফিস
খুলনা মহানগরীর চানমারি অ্যাপ্রোস রোডের খ্রিস্টানপাড়ায় একটি বাড়িতে ঢুকে বাথরুমের ভেতরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুর একটার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর চানমারি অ্যাপ্রোস রোডের ওই বাড়িতে এ ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, এসএম মুজাহিদুল আজিজ (৪৫) নামে এক ব্যক্তির বাড়ির প্রবেশগেট খুলে পাঁচ থেকে ছয় দুর্বৃত্ত ভেতরে ঢোকে। তাদের সবার মাথায় হেলমেট ছিল। তারা বাড়ির বাথরুমের দরজা খুলে ভেতরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে বাড়ির লোকজন চিৎকার-চেচামেচি শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
এসএম মুজাহিদুল আজিজ ওই এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এ গুলি ছোড়া হয়েছে। যাকে লক্ষ্য করে ভয় দেখানোর উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তিনি ওই সময় বাড়িতে ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় সন্ত্রাসী গ্রুপ নুর আজিমের অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।