সুবর্ণভূমি ডেস্ক
সাইবার হামলার আশঙ্কায় তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল আটটা থেকে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়।
তবে এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার গণমাধ্যমকে বলেন, ওয়েবসাইটে কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা হয়েছিল।
বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ঝুঁকি কেটে যাওয়ায় এটি আবার চালু করা হয়েছে।
বর্তমানে সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনায় ইন্টারনেট ও সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসব ওয়েবসাইটের বড় একটি অংশ পিএইচপি প্রোগ্রামিং ভাষার ওপর নির্ভরশীল।
সম্প্রতি এই ভাষায় দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশের সরকার জরুরি ব্যবস্থা নিয়েছে।
এ বিষয়ে খবর প্রকাশের পর গত বুধবার রাত থেকে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট বন্ধ করে দেয়।
এরপরও লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।