খুলনা অফিস
খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়া নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সকালে নগরীর বসুপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক বাড়িওয়ালা মজলিশ খানকে আটক করেছে পুলিশ। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়িওয়ালা মজলিশ খানের সঙ্গে ভাড়াটিয়া রকিবুল ইসলামের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে বাড়িওয়ালার লাঠির গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মারা যান রকিবুল ইসলাম।
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক বাড়িওয়ালা মজলিশ খানকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।