বিশেষ প্রতিনিধি
, যশোর
মাত্র সাত বছর বয়সে মাকে হারানোর পর ১৩ বছর বয়সে হারান বাবাকেও। এরপর বড় ভাই রাব্বির আশ্রয় ও যত্নে বেড়ে ওঠা রোহানের জীবন চলছিল নিজের মতো করে। একটি ফার্মেসিতে কাজ করে জীবিকা নির্বাহের পাশাপাশি স্বপ্ন দেখছিলেন ভবিষ্যৎ গড়ার।
কিন্তু মাত্র ১৯ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবন। শনিবার (২৪ অক্টোবর) সেই রোহান চিরনিদ্রায় শায়িত হলেন বন্ধু আরিফুল ইসলাম জয়ের পাশে।
যশোর শহরের বেজপাড়া তালতলা কবরস্থানে পাশাপাশি কবরে শায়িত হয়েছেন দুই বন্ধু রোহান (১৯) ও জয় (১৮)।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারা।
একই দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও এক তরুণ সিয়াম হোসেন (১৮)। তিন তরুণের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে।
মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন আরিফুল ইসলাম জয় । নতুন সংসার ঘিরে ছিল নতুন জীবনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। দাম্পত্য জীবনের শুরুতেই স্বামীকে হারিয়ে শোকের ভার নেমে এসেছে তার পরিবারের ওপর।
শনিবার বিকেলে বেজপাড়া তালতলা কবরস্থানে রোহান ও জয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই কবরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়। দুই তরুণের এমন করুণ বিদায় পরিবার ও এলাকাবাসীকে শোকাহত করে তুলেছে।
এর আগে শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন ও তার দুই বন্ধু ওমর ফারুক এবং রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন।
নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহীই গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহত আরেকজন সিয়াম হোসেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামীম হোসেনের ছেলে। তিনি বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্য মোটরসাইকেলে ছিলেন বেজপাড়া এলাকার রোহান ও আরিফুল ইসলাম জয়। জয়ের বাবার নাম শহিদুল ইসলাম।
দুর্ঘটনায় আহত দুজন হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক (১৭) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত (১৭)। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ শুরু করে। প্রথমে সিয়ামের পরিচয় নিশ্চিত হওয়া যায়।
অপর একজনের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রে আরিফুল ইসলাম জয়ের নাম, পিতা শহিদুল ইসলাম এবং ঠিকানা পিয়ারী মোহন রোড, বেজপাড়া, শংকরপুর, যশোর উল্লেখ ছিল। পরে নিহত অপর তরুণের পরিচয় রোহান হিসেবে জানা যায়।