স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বেনাপোলে গাঁজা ও বিদেশি মদ উদ্ধারের মামলায় ইকবাল হোসেন নামে এক মাদক কারবারিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবদুল করিম মল্লিক নামের অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
রবিবার (২৫ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফসা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ইকবাল হোসেন ও খালাস পাওয়া আবদুল করিম মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।
মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকাল ৯টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রঘুনাথপুর মাঠের ২০/২ নম্বর সীমান্ত পিলারের কাছে অবস্থান নেন। এ সময় ভারত সীমান্ত থেকে দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে বিজিবি সদস্যরা তাদের আটক করেন এবং তাদের ব্যাগ তল্লাশি করে ছয় কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন বিজিবির হাবিলদার মো. মামুনার রশিদ। দীর্ঘ সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আসামি ইকবাল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।