সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে মনোরঞ্জন মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
মৃত মনোরঞ্জন মণ্ডল উপজেলার যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, চার দিন আগে ধানক্ষেতে কীটনাশক দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পায়নি পরিবার।
সোমবার সকালে শৈলখালীর একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তার মৃত্যুকে রহস্যজনক বলছেন স্থানীয়রা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গত চার দিন ধরে মনোরঞ্জন মন্ডল নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।