পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে তিন তলাবিশিষ্ট স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপকূলীয় শহর জলবায়ু সহনশীল প্রকল্পের আওতায় শিববাটি মন্দির ও শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় প্রস্তাবিত এই স্থাপনার নির্মাণকাজের প্রস্তুতির অংশ হিসেবে সয়েল টেস্ট করা হয়।
প্রস্তাবিত স্কুল কাম সাইক্লোন শেল্টারটি নির্মিত হলে একদিকে যেমন শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলীয় এলাকার মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হবে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, উপকূলীয় জনপদে দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।