স্টাফ রিপোর্টার
, যশোর
বাড়িতে ডাকাতির চেষ্টাকালে মিন্টু গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
এর আগে ওই বাড়ির রান্না করা খাবারে চেতনানাশক স্প্রে মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করার চেষ্টা করে ডাকাত দল।
আটক মিন্টু গাজী যশোরের মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে ৫/৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল সিরাজসিঙ্গা মোসলেম মোড় এলাকার মতিউর রহমানের বাড়িতে প্রবেশ করে।
এর আগেই কৌশলে ওই বাড়ির লবণ, হলুদ ও রান্না করা মাংসে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে পরিবারের সদস্যদের অসুস্থ করার চেষ্টা করে দুর্বৃত্তরা। রাতের খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা হঠাৎ অসুস্থ বোধ করলে তাদের মনে সন্দেহ জাগে। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা সতর্ক অবস্থানে থাকেন।
একপর্যায়ে গভীর রাতে ডাকাত দলের সদস্যরা বাড়ির ভেতরের গেটের তালা খোলার চেষ্টা করলে বিষয়টি টের পান গৃহকর্তার ছেলে জাকারিয়া হোসেন শান্ত। তিনি সামনে আসতেই ডাকাতরা তার মাথায় অস্ত্র ঠেকায়।
এ সময় শান্ত পরিস্থিতি বুঝে অত্যন্ত সাহসিকতার সঙ্গে লাঠি দিয়ে আঘাত করলে মিন্টু গাজী মাটিতে পড়ে যান। তার চিৎকার ও ধস্তাধস্তির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিন্টুকে ধোলাই দিয়ে আটকে রাখে।
খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীনেশচন্দ্র ঘটনাস্থলে গিয়ে আটক মিন্টু গাজীকে নিজেদের হেফাজতে নেন এবং চিকিৎসার পর থানায় নিয়ে যান।
এ বিষয়ে এসআই দীনেশ জানান, এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং প্রকৃত ঘটনা অনুসন্ধানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।