স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে কবিতা, গান ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।
যশোর মুনসী মেহেরউল্লা ময়দানে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গণসংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক সানোয়ার আলম খান দুলু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুরবিতান সংগীত অ্যাকাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, সুরধুনীর সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান বুলু ও তীর্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন।
কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী জাহিদুল যাদু, শাহেদ নওয়াজ ও বিবর্তনের শিল্পীরা। গণসঙ্গীত ও সমবেত সঙ্গীত পরিবেশন করেন সুরবিতান সঙ্গীত অ্যাকাডেমি, কিংশুক সঙ্গীত শিক্ষা কেন্দ্র, উদীচী যশোর, পুনশ্চ যশোরসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্য্য জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুকান্তের কবিতায় পুরনো, জরাজীর্ণ ও বৈষম্যমূলক সমাজব্যবস্থাকে ভেঙে ফেলার এক তীব্র রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার প্রকাশ পেয়েছে। নতুন প্রজন্মের জন্য একটি স্বাধীন ও সুন্দর পৃথিবী গড়ার স্বপ্নই ছিল তার মূল আকাঙ্ক্ষা। এছাড়া তার কবিতায় শোষক এবং শোষিতের মধ্যকার দ্বন্দ্ব পরিষ্কারভাবে ফুটে উঠেছে।
কবি সুকান্ত ভট্টাচার্যকে ‘বিদ্রোহী কবি’ উল্লেখ করে বক্তারা বলেন, কবিতায় তিনি অন্যায়, অত্যাচার এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আপসহীন বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তার লেখায় ধনী-দরিদ্রের বৈষম্য এবং পুঁজিপতিদের শোষণের বিরুদ্ধে শোষিত ও বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকারের কথা জোরালোভাবে ফুটে উঠেছে।
১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। তার বাবা নিবারণচন্দ্র ভট্টাচার্য্য ছিলেন বই ব্যবসায়ী ও প্রকাশক। মায়ের নাম সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে কলকাতার যাদবপুরের রেড ক্রিসেন্ট হাসপাতালে (বর্তমান কে এস রায় টিবি হাসপাতাল) সুকান্ত শেষ নিশ্বাস ত্যাগ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে চরম অভাব-অনটন, রাজনৈতিক কর্মব্যস্ততা এবং কঠোর পরিশ্রমের মধ্যেই তিনি যক্ষ্মা ও ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন। পরে যক্ষ্মায় তার মৃত্যু হয়।