মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধী উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির (পিএসকেএস) খামার ও প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা শেষে এ ছাগল বিতরণ করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে প্রতিবন্ধী পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ২৫টি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান প্রতিবন্ধীদের মাঝে এসব ছাগল বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম।
পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংস্থার পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।