লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আহত কৃষক মো. গফফার মোল্যা (৬০) মারা গেছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খুলনা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গফফার মোল্যা উপজেলার কাশীপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের মৃত ইসমাইল মোল্যার ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
স্বজনেরা জানান, গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে এড়েন্দা বাস স্ট্যান্ড থেকে চা পান শেষে নিজ বাড়ি ঈশানগাতীতে ফিরছিলেন গফফার মোল্যা। কালনা-নড়াইল-যশোর মহাসড়কের এড়েন্দা বাসস্ট্যান্ডের অদূরে যশোরগামী একটি মোটরসাইকেল তাকে জোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।