চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের সময় এক পুলিশ সদস্যকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর প্রেক্ষিতে জেলা পুলিশে অসন্তোষ দেখা দিয়েছে; যা আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছে ডিপার্টমেন্টটি।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ এপ্রিল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানায় কর্মরত এক পুলিশ সদস্য ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহ করতে একটি ফিলিং স্টেশনে যান।
এ সময় সেখানে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই পুলিশ সদস্যকে ৫০০ টাকা জরিমানা করেন।
জেলা পুলিশের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগে গত ২৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জ্বালানি তেল সংক্রান্ত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, জরুরি সেবায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকরা ফিলিং স্টেশনগুলোতে বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে পারবেন।
সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বিকল্প লাইনে তেল সংগ্রহ করে আসছেন। কিন্তু ১৬ এপ্রিল উক্ত পুলিশ সদস্য জরুরি প্রয়োজনে বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে গেলে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে জরুরি পরিষেবার অংশ হিসেবে দায়িত্ব পালনরত একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন পদক্ষেপ পুলিশ সদস্যদের মনোবলে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং জনসেবায় নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে যথাযথ সমন্বয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীল আচরণ এবং প্রয়োজনীয় সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
এর আগে ভ্রাম্যমাণ আদালত সূত্রে বলা হয়, গত ১৬ এপ্রিল সকালে আলমডাঙ্গা থানায় কর্মরত পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম সাধারণ মানুষের সিরিয়াল ও প্রচলিত নিয়ম ভেঙে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে তেল নিতে যান। নিয়ম ভেঙে তেল সংগ্রহ করার দায়ে তাকে ৫০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহ। এছাড়া আইন অমান্যের একই অভিযানে আরও দুই ব্যক্তিকে মোট দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।