নড়াইল প্রতিনিধি
প্রতি বছরের মতো এ বছরও গরিব ও অসহায় কৃষকদের সহায়তায় ধান কেটে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের একটি মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের নড়াইল জেলা আমির ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
উদ্বোধনকালে এমপি বাচ্চু বলেন, কৃষকের কষ্ট লাঘবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, দলের শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ খিয়াম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ শাকিল এবং স্থানীয় জামায়াত নেতা রেজাউল করিম, আব্দুর রহিম ও জিল্লুর রহমান।
স্থানীয় জামায়াত নেতারা জানান, মৌসুমজুড়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।