ঝিনাইদহ প্রতিনিধি
উন্নয়ন হোক সবার তরে, মাঠ রেখে ওভারপাস গড়ে' এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত বিদ্যালয়ের সামনে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।
বারবাজারবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের প্রস্তাবিত ৬ লেনের কাজ বাস্তবায়নের ফলে হাট বারবাজার বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি ভূমি অধিগ্রহণের আওতায় পড়েছে। মাঠটি বিলীন হওয়ার হাত থেকে বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে বিকল্প হিসেবে ওভারপাস বা ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যক্তিত্ব মাহাবুব রহমান, তাহমিদ হাসান এবং তানিম শাহারিয়ার প্রমুখ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার একমাত্র এই খেলার মাঠটি নষ্ট হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। তাই উন্নয়ন প্রকল্পের নকশায় পরিবর্তন এনে মাঠটি রক্ষা করা জরুরি।
উল্লেখ্য, ২০২০ সালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৮.৫ কিলোমিটার রাস্তা ৬ লেনে উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে গৃহীত এই প্রকল্পটি ২০২৬ সালের জুন মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় ঘনিয়ে এলেও দৃশ্যত এখন পর্যন্ত কাজের তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি।